করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। সম্প্রতি সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি বিশ্বের দেশগুলোর সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করে যে তালিকা করেছে তাতে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থার দেশগুলোর মধ্যে রয়েছে।
সংস্থাটি দেশগুলোকে মোট চারটি ভাগে ভাগ করেছে। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশগুলোকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের শ্রেণিতে রাখা হয়েছে। এরপরে রয়েছে যথাক্রমে—উচ্চ ঝুঁকিপূর্ণ, মোটামুটি ঝুঁকিপূর্ণ ও নিম্ন ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশের পাশাপাশি সিডিসির অতি উচ্চ ঝুঁকির তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমারের নাম রয়েছে। অতি উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা এশিয়ার অন্য দেশগুলো হলো : বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান রয়েছে মোটামুটি ঝুঁকিপূর্ণ তালিকায়। আর উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের নাম। বাংলাদেশসহ তালিকায় থাকা মোট ৬১ দেশে মহামারির মধ্যে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। আর যদি এসব দেশে ভ্রমণ করতে হয়, তবে কোভিড-১৯ টিকা নেওয়ার পরই তা করতে বলা হয়েছে।
