পরিবেশ ছাড়পত্রবিষয়ক সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনার দাবি

আপডেট : ১০ জুন ২০২১, ০০:১৯

শৈথিল্যের ধারায় নয় বরং স্বল্প সময়ে দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে পরিবেশ ছাড়পত্র প্রণয়ন নিশ্চিত করার ধারাতেই কেবল টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পালন এবং দেশের পরিবেশ রক্ষা করা সম্ভব বলে মত দিয়েছেন দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তি। বুধবার এক বিবৃতিতে তারা বলেছেন, আমরা এ ব্যাপারে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ বা নির্দেশটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্ত বা নির্দেশ মিডিয়ার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি কোনো উন্নয়ন প্রকল্পের ওপর পরিবেশগত মতামত বা ছাড়পত্র পেতে যদি অযৌক্তিক বিলম্ব হয় তাহলে ছাড়পত্র ছাড়াই সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শুরুর পরামর্শ দিয়েছেন। বাস্তবে যে কোনো প্রকল্পের সঠিক ও পরিবেশ অনুকূল ছাড়পত্র ছাড়া কাজ শুরু করা কোনো কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না। তাই আমরা দ্রুততার পাশাপাশি সম্পূর্ণ পরিবেশসম্মত ছাড়পত্র বাধ্যতামূলক ও নিশ্চিত করা এবং পরিবেশ অধিদপ্তরকে আরো দায়িত্বশীল করে তোলার বিষয়টি মুখ্য বিবেচনায় রাখার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরদানকারীরা হলেন—মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ড. নজরুল ইসলাম, রাশেদা কে চৌধুরী, ড. আতিউর রহমান, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, অধ্যাপক নজরুল ইসলাম, ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, মহিদুল হক খান, শরীফ জামিল, শারমীন মুরশীদ, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার প্রমুখ।