রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় তানিয়া আক্তার (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মেরাদিয়া জামতলায় একটি বাসায় এই ঘটনা ঘটে। মৃতের পরিবার বলছে, তানিয়াকে রুটি বানিয়ে না দেওয়ায় সে রাগে-ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
তানিয়ার মা মাজেদা খাতুন জানান, দুপুরে তিনি ও তানিয়া একত্রে রান্না করছিলেন। তখন তানিয়া তাকে রুটি বানিয়ে দিতে বলে। একটু পরে তাকে বানিয়ে দিব বলে জানাই। বলার সঙ্গে সঙ্গে তাকে রুটি বানিয়ে না দেওয়ায় সে রাগ করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দেখি তানিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
তানিয়া খিলগাঁও মডেল কলেজে অনার্স ৩য় বর্ষে পড়তেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ২য়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানাপুলিশকে জানানো হয়েছে।
