চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল সেগুনবাগিচার স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। সভায় নেতৃবৃন্দ বলেন, বিগত দেড় বছর ধরে করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পণ্য পরিবহনে মালিক-শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জীবন-জীবিকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাতের নাগালে পৌঁছে দিয়েছে। জনজীবন স্থবির থাকলেও সাধারণ মানুষের চাহিদা মেটাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। পণ্য পরিবহনশিল্প এখন উদীয়মান ও সম্প্রসারণ শিল্প। এই শিল্পকে বাধাগ্রস্ত করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ১১টি সিটি করপোরেশন এবং বেশ কিছু পৌরসভা পরিবহন আইন পরিপন্থি ১০০, ১৫০, ২০০ কোনো কোনো ক্ষেত্রে ২৫০ টাকা চাঁদা আদায় করছে। এর মধ্যে ঢাকা দক্ষিণে ১৮টি পয়েন্টে পণ্য পরিবহনরে গাড়ি থেকে চাঁদা আদায় করছে। অবৈধ এই চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।
