গলাচিপা ফায়ার স্টেশন

সংযোগ সড়ক না থাকায় চালু হচ্ছে না

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৬

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিন তলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে চার মাস আগেই। তবে সংযোগ সড়ক না থাকায় স্টেশনটির কার্যক্রম এখনো চালু করা যাচ্ছে না।  জানা যায়, প্রধান সড়কের সঙ্গে ভবনের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় থেমে আছে পৌর শহরের বালুর মাঠে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনটির উদ্বোধন ও স্বাভাবিক কার্যক্রম প্রক্রিয়া। ফলে এ স্টেশনটি কোনো কাজেই আসছে না উপজেলাবাসীর। স্টেশন ভবন থেকে গাড়ি চলাচলের জন্য ১০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রস্থ সংযোগ সড়কটি নির্মাণের কথা রয়েছে।

স্থানীয়রা জানান, পৌর শহর ও প্রত্যন্ত এলাকার হাটবাজারগুলোতে দোকান, বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি বছর অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি কোটি টাকার সম্পদ ভম্মীভূত হচ্ছে। পৌর শহর কিংবা প্রত্যন্ত এলাকার হাটবাজারগুলোর কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ৩৫ কিলোমিটার দূরত্বে জেলা শহরের ফায়ার সার্ভিসের ওপর ভরসা করতে হয়। জেলা শহর থেকে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে যায়। গত ১৬ মার্চ গলাচিপা শহরের কলেজ রোডে চারটি দোকান পুড়ে যায়। পরের দিন ১৭ মার্চ ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে এক বসতবাড়ি আগুনে পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়। গত ১ মে চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে একটি বসতঘর পুড়ে যায়। এছাড়া গত ১০ বছরে শুষ্ক মৌসুমে গলাচিপা শহরের সদর রোড, উলানিয়া বাজার, আমখোলা বাজার, চিকনিকান্দি ব্রিজ বাজার ও ইটবাড়িয়ায় ২০-২৫টি অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে।  এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশনের মূল ভবন থেকে প্রধান সড়ক পর্যন্ত সংযোগ সড়কটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই দ্রুত ভবনটির উদ্বোধন ও কার্যক্রম শুরু করা হবে।’

গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন বলেন, ‘ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে চার মাস আগে। ফায়ার সার্ভিস স্টেশনের সংযোগ সড়কটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিজেদের অর্থায়নে সড়কটি নির্মাণ করতে পারে।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই শিগিগর ফায়ার সার্ভিসটির কার্যক্রম শুরু হোক। এতে পৌরসভাসহ উপজেলার জনসাধারণ অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা থেকে রক্ষা পাবে।’