গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের কম করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন। শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধনের হারও খুব কম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী টিকার জন্য আবেদন করেছেন, যা মোট শিক্ষার্থীর তুলনায় ৩০ শতাংশ। ফলে ৭০ শতাংশ শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতার বাইরে থেকে গেছে। এছাড়া ২৬৩ জন শিক্ষকের মধ্যে ১৫১ জন এবং সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ১৪৪ জন আবেদন করেছেন।
ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪০ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিসহ অনেকে নিজ উদ্যোগে টিকা নিয়েছেন। ফলে অনেকের নিবন্ধন করা লাগেনি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের টিকা নিবন্ধনের জন্য গত ১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় ৫ এপ্রিল।
