শিবচরে ফেলে যাওয়া বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৮

শিবচরে উপজেলা সমাজ সেবা অফিসের সামনে ফেলে যাওয়া অজ্ঞাত এক বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিত্সা শুরু হয়। এর আগে দুপুরে কে বা কারা আনুমানিক ৭০ বছর বয়সি অজ্ঞাত বৃদ্ধকে উপজেলা সমাজ সেবা অফিসের সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা সন্ধ্যার পরে তাকে সেখানে পড়ে থাকতে দেখে বিষয়টি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এরপর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহ আলমের সহযোগিতায় ঐ ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. তালহা মণ্ডল বলেন, ঐ বৃদ্ধ শারীরিকভাবে খুব দুর্বল। এছাড়া তার শরীরে জ্বর রয়েছে। আমরা তার প্রয়োজন অনুযায়ী চিকিত্সা দিচ্ছি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা সমাজ সেবা অফিসের সামনে ফেলে যাওয়া ঐ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাকে সুস্থ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।