সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় মদসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে র্যাব-১২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা। গ্রেফতারকৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার মো. হাফিজুর রহমান ও তার স্ত্রী মোছা. রহিমা বেগম, সিরাজগঞ্জ সদর উপজেলার মো. ভুট্টু মিয়া ও কামারখন্দ উপজেলার মো. আব্দুস সামাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় উত্তরবঙ্গগামী মহাসড়কের কামারখন্দ থানাধীন চর ঝাঐল পশ্চিমপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা বেগমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ২ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন বিকালে তাড়াশ উপজেলার নিমগাছি ভিকমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮.৮ লিটার দেশীয় চোলাই মদসহ ভুট্টু মিয়া ও আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
