নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে বুধবার বিকালে অবগতির জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম, ভিজিডি কার্ডধারীদের প্রতি ২০০ টাকা জমা না দিয়ে উলটো আরো ৫০ টাকা করে সঞ্চয় আদায় করেছেন চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মণ্ডল। এছাড়া জেলেদের মধ্যে ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়ম, ২০১৯-২০ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় শ্রমিকদের ১ হাজার টাকা উত্তোলন, চেকে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাত্ ও বিধিবিধান তোয়াক্কা না করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের টাকা উত্তোলন করেছেন। এসব অভিযোগ প্রাথমিক প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মণ্ডল বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, চিঠির নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
