রাশিয়ার সরকারবিরোধী রাজনীতিক অ্যালেক্সাই নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলো নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। বুধবার নাভালনিকে উগ্রপন্থি হিসেবে আখ্যায়িত করে এ রায় দেন মস্কো সিটি কোর্ট। এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আখ্যায়িত করেছেন নাভালনি সমর্থকরা। তারা বলছেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনের কয়েক মাস আগে পুতিন বিরোধীদের স্তব্ধ করে দেওয়ার হীন উদ্দেশ্য নিয়ে এই রায় দেওয়া হয়েছে। মস্কো সিটি কোর্টেও দেওয়া এ রায় তাত্ক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে নাভালনির প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন (এফবিকে) এবং দেশ জুড়ে এ সংগঠনের সব আঞ্চলিক অফিসগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো নির্বাচনের জন্য প্রার্থী হতে পারবেন না।
নাভালনির সংগঠনগুলোকে উগ্রপন্থি হিসেবে আখ্যায়িত করায় সরকারের পক্ষে সেগুলোর সঙ্গে যুক্ত অ্যাক্টিভিস্ট ও তহবিলদাতাদের বিচারের আওতায় এনে দীর্ঘ সাজা দেওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের একজন মুখপাত্র বলেছেন, এই সংগঠনগুলো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতাকে প্ররোচিত করে এমন তথ্যই শুধু ছড়িয়ে দেয়নি, বরং তারা চরমপন্থি কার্যকলাপে লিপ্ত হয়েছে।
