সুনামগঞ্জে সরকারের খাস খতিয়ানভুক্ত জমি চিহ্নিত করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার অবৈধ দখলদার গ্রামবাসীর হামলায় অ্যাসিল্যান্ড, পুলিশের সাব ইন্সপেক্টরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা আত্মরক্ষার্থে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে পুরুষ-মহিলাসহ ১০ জনকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার আদার বাজার সংলগ্ন এলাকায় সরকারের খাস খতিয়ানভুক্ত ২৫ একর জমি রয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে ১৫টি গৃহহীন পরিবারকে গৃহনির্মাণের জন্য ৩০ একর জমি চিহ্নিত করার জন্য সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ আদনান দুই জন তহশিলদার সার্ভেয়ার এবং পুলিশসহ বৃহস্পতিবার দুপুর ১টায় সেখানে যান।
ভূমি অফিসের লোকজন সেখানে সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু করতেই হরিণাপাটিসহ আশপাশের গ্রামের নারী, শিশু এবং কিছু পুরুষ, রামদা, লাটিসোঁটা নিয়ে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়।
তারা অ্যাসিল্যান্ড আরিফ আদনান এবং পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকেও আক্রমণ করে। পুলিশ ও আনসার সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন ও সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমানের নেতৃত্বে ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, সরকারি জমি চিহ্নিত করার সময় একদল দখলদার বাধা দিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানালেন, অবৈধ সরকারি জমির দখলদাররা সংঘবদ্ধ হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে।
