অভয়নগরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার

আপডেট : ১০ জুন ২০২১, ২২:১১

অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ বছর বয়সি দুই সন্তানের এক জননীকে ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অভয়নগর থানাপুলিশ। অভিযোগকারী নারী পৌরসভার মশরহাটি গ্রামের গ্রেফতারকৃত বিটু আহম্মেদের বাড়ির ভাড়াটিয়া।

মামলা সূত্র ও ভুক্তভোগী ঐ নারী জানান, কয়েক বছর আগে স্বামী দুই সন্তানসহ তাকে ফেলে আরেকটি বিয়ে করে চলে যান। এরপর থেকে সন্তানদের নিয়ে তিনি বিটু আহম্মেদের বাড়িতে ভাড়া থাকেন। কিছুদিন থেকে বাড়ির মালিক তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার ফজরের নামাজের পর বাড়ির মালিক বিটু ঐ নারীর ঘরের দরজা খুলতে বললে দরজা খোলামাত্র তার হাতে থাকা ধারালো চাপাতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি করলে দুই কন্যাসহ হত্যা করার হুমকি দেয়। সকালে তিনি কৌশলে পালিয়ে থানায় আসেন এবং বাড়িওয়ালা বিটু আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তবে বিটু আহম্মেদ ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলে, আমার বাড়ির ভাড়াটিয়া ঐ নারী আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করেছেন। এটি আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ নামে এক ব্যক্তিকে মশরহাটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মেডিক্যাল করানোর জন্য অভিযোগকারী নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।