ঢাকা প্রিমিয়ার লিগ

হারের বৃত্তে মোহামেডান

আপডেট : ১০ জুন ২০২১, ২২:১৪

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বেশ জমাট লড়াই হয়েছে ষষ্ঠ রাউন্ডে। কিন্তু গতকালও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটে বলে নিষ্প্রভ, মোহামেডানও ৯ উইকেটে হেরেছে লেজেন্ডস অব রূপগঞ্জের কাছে। লিগে এটি তাদের টানা তৃতীয় হার।

হারের ধকল নিয়েই আজ সপ্তম রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

আবাহনী অবশ্য জয়ের ছন্দ নিয়েই খেলবে। গতকাল বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রান উত্সব করে ডিএল মেথডে ২৫ রানে শাইনপুকুরকে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। নাঈম শেখের ৭০, আফিফের ৫৪ রানে ৫ উইকেটে ১৮৩ রান তোলে আবাহনী। শাইনপুকুরের তানভির ইসলাম ৪টি উইকেট পান। জবাবে শাইনপুকুর ১৭ ওভারে ৫ উইকেটে ১২৩ রান তুলতেই বৃষ্টি নামে। নাঈম শেখ ম্যাচ-সেরা হন।

মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৩ রান তুলতে সমর্থ হয় মোহামেডান। চারে নেমে অধিনায়ক সাকিব ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। শুভাগত হোম ৫২ রান করেন। পরে পিনাক ঘোষের অপরাজিত ৫১, মেহেদী মারুফের ৪১ রানে ১৮.১ ওভারে ১ উইকেটে ১১৭ রান করে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। ৪ ওভারে ২ মেডেনসহ ৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন রূপগঞ্জের অফস্পিনার সোহাগ গাজী। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দল হারলেও ৫৫ বলে অপরাজিত ৮৫ রানের (৩ চার, ৭ ছয়) বিস্ফোরক ইনিংস খেলে ওল্ড ডিওএইচএসের মাহমুদুল হাসান জয় ম্যাচ-সেরা হন। ব্রাদার্সের বিপক্ষে ডিএল মেথডে ৫ রানে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। পারটেক্সকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম দোলেশ্বরকে ৩ পরাজিত করেছে প্রাইম ব্যাংক। শেষ ওভারে ৩১ রান দরকার ছিল দোলেশ্বরের। রুবেল হোসেনের করা ওভারে চারটি ছক্কায় ২৭ রান তুলে ম্যাচ জমিয়ে ফেলেছিলেন কামরুল ইসলাম রাব্বি। ১২ বলে অপরাজিত ৩৮ রান করেন তিনি।