করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত থাকায় আজ শুক্রবার বিকাল ৪টা থেকে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজশাহী সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক জরুরি বৈঠক শেষে এই সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাশেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন, লকডাউনে নিত্যপণ্য, কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট, বাস, ট্রেন, রিকশা, অটোরিকশাসহ জরুরি সেবার বাইরে সবকিছু বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহনকারী যানবাহন, জরুরি বিদ্যুত্, গ্যাস ও পানি সরবরাহ, চিকিত্সা ও গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ি চলবে। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী সব নাগরিককে লকডাউন মেনে চলার অনুরোধসহ প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন থেকেই ফ্রি র্যাপিড অ্যান্টিজেন নমুনার ফলাফলে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত ছিল। এতে করে কঠোর লকডাউনের কথা ভাবা হচ্ছিল।
