গুলশানে ছুরিকাঘাতে নারী খুন

আপডেট : ১১ জুন ২০২১, ০০:৪১

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন নিকিতা আক্তার (৪০) নামের এক নারী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর ভাতিজি জেসমিন আক্তারকে আটক করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার নর্দা কালাচাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিকিতার মরদেহ উদ্ধার করে। গুলশান থানার ওসি আবুল হাসান রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে নিকিতা আক্তার খুন হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিকিতার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।