বিয়ে করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গত ৫ জুন ঢাকার উত্তরার একটি বাড়িতে পারিবারিকভাবে বিয়ে হয়। কনে দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনি। তিনি পেশায় একজন আইনজীবী। তাদের বিয়ের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন শাম্মী আকতার মনির বড় ভাই মো. মিলন হোসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ঘরোয়াভাবে শনিবার তার বোনের সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে হয়েছে। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনের পক্ষে তিনি ও তার ভাই উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে ছোট পরিসরে যতটুকু করা দরকার, সেভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। তার বোন উত্তরায় থাকেন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনে চাকরি করতেন। এরইমধ্যে ল' পাস করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছেন।
মিলন আরও বলেন, তার বোনের এর আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল। পারিবারিক সমস্যার কারণে ২০১১ সালে ডিভোর্স হয়ে যায়। ওই ঘরে একটি মেয়ে রয়েছে। মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন তিনি। বিরামপুর নতুন বাজারে তাদের বাসা। ওই এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে মনি। তারা দুই ভাই এক বোন।
প্রসঙ্গত, নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ২৮ ডিসেম্বর মারা যান। তাদের এক ছেলে, দুই মেয়ে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে। ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন।
