চীনের জিনজিয়াংয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আপডেট : ১১ জুন ২০২১, ১৫:০৬

চীনের জিনজিয়াংয়ে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি করেছে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হয়েছে, জিনজিয়াংয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে। একইসঙ্গে এ বিষয়ে তদন্ত করতে জাতিসংঘকে আহ্বানও জানিয়েছে অ্যামনেস্টি। শুক্রবার (১১ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

No description available.

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ‘চীন তার উদ্দেশ্য সাধনের জন্য সেখানকার জনসাধারণের ওপর নির্যাতন চালাচ্ছে এবং ভুল বোঝাচ্ছে। এছাড়া লাখ লাখ মানুষের ওপর নজরদারি করছে চীন। ফলে তাঁরা ভয়ের মধ্যে রয়েছেন।’ উইঘুরদের রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সমালোচনাও করেছেন ক্যালামার্ড।

উইঘুরদের পরিস্থিতি নিয়ে এর আগেও বিভিন্ন সংগঠন প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন প্রকাশ করে। তারা বলেছিল, মানবতার বিরুদ্ধে যে অপরাধ সেখানে সংঘটিত হচ্ছে তার জন্য দায়ী চীন সরকার।

ইত্তেফাক/এসএ