ভারতে আটক চীনা নাগরিক সন্তোষজনক জবাব দিতে পারেননি

আপডেট : ১২ জুন ২০২১, ১২:১৬

পশ্চিমবঙ্গের মালদা জেলায় এক চীনা নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছ থেকে ৩৫ বছর বয়সী চীনা নাগরিক হান জুনওয়েলকে আটক করেছে বিএসএফ।

জানা গেছে, মালদা জেলার সীমান্তবর্তী মিলিক সুলতানপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এই চীনা নাগরিক। তখন তাকে আটক করে বিএসএফ এবং পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

পরে তাকে স্থানীয় কালিয়চাক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিএসএফ সূত্র জানিয়েছে, আটকের পর সেনারা জিজ্ঞাসাবাদ করলে সে সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থা এবং স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ইত্তেফাক/টিএ