রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র তাদের অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গিয়ে কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন। জরুরি বিভাগে অতিরিক্ত টাকা নেওয়ার রসিদ চাওয়ায় মারধর করা হয় বলে তাদের অভিযোগ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রেজওয়ানুল করিম রিয়াদ বলেন, আমি ও আমার ভাই রাশেদ অসুস্থ মাকে নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে আসি। এসময় দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করে। অতিরিক্ত টাকার মেমো চাইলে তারা (স্টাফ) মেমো দিতে অস্বীকৃতি জানায়। কেন অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে এর প্রতিবাদ করায় ১৫/১৬ জন মিলে তাকে ও তার ছোট ভাইকে ব্যাপক মারধর করে। তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম ছবি তোলার চেষ্টা করলে তাকেও মারধর করে স্টাফরা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের
পরিচালক ডা, রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে জানান।

কোতোয়ালী থানায় যোগাযোগ করা হলে ওসি আব্দুর রশিদ বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমএএম
