রাঙামাটির জুরাছড়ি উপজেলার লুলংছড়ি এলাকায় পাথর মনি চাকমা (৬৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি লুলংছড়ি গ্রামের গ্রাম প্রধান (কারবারি) ছিলেন। রবিবার (১৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লুলংছড়ি গ্রাম প্রধান(কারবারি) পাথর মনি চাকমা নিজের বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে আটটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি করে তাকে হত্যা করে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়রা জানান, পাথর মনি চাকমা কারবারি হিসেবে এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেন এবং সকল ধরনের সন্ত্রাসী ও অবৈধ কার্যকলাপ রুখতে সর্বদা সচেষ্ট ছিলেন। স্থানীয় ও বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে, পাথর মনি চাকমার হত্যাকাণ্ড সন্তু লারমার আদেশেই তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ জেএসএস (মূল) দলের সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে বলে প্রতীয়মান।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম বলেন, ঘটনার বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসজেড
