ন্যাটোর বৈঠকে বাইডেন, রাশিয়া-চীন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে

আপডেট : ১৫ জুন ২০২১, ০৯:৪৪

জি সেভেন বৈঠক শেষ করে ব্রাসেলসে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যোগ দেবেন ন্যাটো বৈঠকে। যুক্তরাজ্য থেকে ব্রাসেলসে এসে পৌঁছেছেন বাইডেন। রবিবারই শেষ হয়েছে জি সেভেন সম্মেলন। গতকাল সোমবার (১৪ জুন) থেকে ব্রাসেলসে ন্যাটোর বৈঠক শুরু হওয়ার কথা। তাকে স্বাগত জানিয়েছেন বেলজিয়ামের রাষ্ট্রপ্রধান। ন্যাটোর বৈঠকে রাশিয়া ও চীন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। খবর ডয়চেভেলে ও বিবিসির।

জানা যায়, যুক্তরাজ্যে শেষ হয়েছে তিনদিনের জি সেভেন বৈঠক। গুরুত্বপূর্ণ সম্মেলনে করোনা মহামারি মোকাবিলায় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিশ্বের জন্য ১০০ কোটি টিকা তৈরির পরিকল্পনা হয়েছে। একই সঙ্গে করোনার উত্স সন্ধানে তদন্ত হবে বলেও স্থির করেছেন বিশ্ব নেতারা। সিদ্ধান্ত হয়েছে ২০৫০ সালের মধ্যে বিশ্ব থেকে কার্বন নিঃসরণ সম্পূর্ণ বন্ধ করা হবে।

NATO to call out China's behaviour as 'systemic challenge' | NATO News | Al  Jazeera

এদিকে, গতকাল সোমবার ন্যাটোর বৈঠক শুরু হওয়ার কথা। বাইডেন যুক্তরাজ্যে যাওয়ার ঠিক আগে হোয়াইট হাউজে গিয়ে ন্যাটো প্রধান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এসেছিলেন। ন্যাটো বৈঠকের বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

মনে করা হচ্ছে, রাশিয়া এবং চীন নিয়ে কঠিন প্রস্তাব নেওয়া হতে পারে এই বৈঠকে। আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা ফেরানো নিয়েও আলোচনা হবে বৈঠকে। আগামীকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। চীন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। চীনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক কী হবে, তা নিয়ে আমেরিকা ইউরোপের দেশগুলির উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে ইউরোপের দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক একেবারে বাতিল করতে রাজি হবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল। ন্যাটোর বৈঠক শেষ করে ইইউ বৈঠকে যোগ দেবেন বাইডেন। তারপর তার দেশে ফেরার কথা।

ইত্তেফাক/টিআর