কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের একটি বেলুনের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৭ টার দিকে তুর্কি পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কুতুপালং ক্যাম্প ৫ ব্লক-২ এর বাসিন্দা আজিজুল হক (১০), আমান উল্লাহ (১৪), ইলিয়াছ (১২) ও বেলুন বিক্রেতা ইয়াছিনকে (৩০) প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক মনে করে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
ক্যাম্পের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, বিভিন্ন বেলুন সিলিন্ডার গ্যাস দিয়ে ফুলানোর এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আবু তাহের (১৫), সিরাজ (২৫), জানি হোসেন (১৫), ফয়েজ উল্লাহ (১১), নুরুল আলম (৩০), জুনায়েদ (৫), আব্দুল খালেক (৪), নুর হাসেম (১৪) ও আব্দুল কাদের (২০) ক্যাম্পের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/বিএএফ
