চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় শাহ আলম (৭০) নামে এক বইয়ের ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শাহ আলম একটি মাদ্রাসার সভায় বই, ক্যালেন্ডার বিক্রি শেষে ফেরার দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। একইদিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন: ঠোঁটে সিগারেট দেখে বাবার থাপ্পড়, শিশুর মৃত্যু
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার উপ-পরিদর্শক নুরুন নবী দৈনিক ইত্তেফাকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শাহ আলমের কোন ওয়ারিশ নেই। তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিগত ২০ বছর ধরে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ফটিকছড়ি সহ চট্টগ্রামের বিভিন্ন মেলা ও ওরশে রকমারি বই, ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন শাহ আলম।
ইত্তেফাক/বিএএফ
