ইত্তেফাক রিপোর্ট
গত পাঁচ মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচ জন দৈনিক মজুরিভিত্তিক মাস্টাররোল শ্রমিককে বিভিন্ন অপরাধে চাকুরিচ্যুত করা হয়েছে। গতকাল ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ১৪ জুন মাদকদ্রব্য বহনের অভিযোগে ডিএনসিসির পরিবহন বিভাগের মাস্টাররোল শ্রমিক গাড়িচালক মো. হোসেন মিয়াকে চাকুরিচ্যুত করা হয়। এছাড়া গত ২৩ মে দায়িত্ব পালনে অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল-৫ এর দৈনিক মজুরিভিত্তিক ক্লিনার বর্তমানে পরিবহন বিভাগে কর্মরত মো. ফরিদ হোসেন হাওলাদারকে চাকুরিচ্যুত করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি জেলহাজতে আটক থাকায় পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক মো. সাগরকে চাকুরিচ্যুত করা হয়। গত ১০ জানুয়ারি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতজনিত কারণে সম্পত্তি বিভাগের উচ্ছেদ শ্রমিক আব্দুর রাজ্জাককে চাকুরিচ্যুত করা হয়। গত ১০ জানুয়ারি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতজনিত কারণে ওয়ার্ড-৫ অঞ্চল-৭ এ নিয়োজিত অদক্ষ শ্রমিক মশক কর্মী হাসিবুল হাসানকে চাকুরিচ্যুত করা হয়।

