ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তিনজন শিক্ষার্থী স্টাডি ইন কানাডা স্কলারশীপ (এসআইসিএস) অর্জন করেছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য তারা এই শিক্ষাবৃত্তি লাভ করে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান ইউআইইউ জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আবু সাদাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্কলারশীপ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) দ্বারা অর্থায়িত এবং এটি কানাডায় এক সেমিস্টার বিনিময়ের মাধ্যমে প্রদান করা হবে। এর মূল্যমান ১০,২০০ কানাডিয়ান ডলার।
ইউআইইউ কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসমিয়া হাসান সাবন্তি বৃত্তি পেয়েছেন কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে। একই বিভাগের উম্মে মারিয়া মুনা এবং ফাহিম আল আউসাফ বৃত্তি পেয়েছেন কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি অব অ্যাডমন্টনে। এছাড়াও একজন শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য সংরক্ষিত তালিকায় রয়েছে। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের ২১টি দেশ থেকে ৫০টি ঘোষণা করা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন ইউআইইউ তথা বাংলাদেশের জন্য গর্বের। শিক্ষার্থীরা তাদের সফল্য ধরে রাখবেন এবং অন্যান্য শিক্ষার্থীরা তাদের থেকে প্রেরণা পাবে। বংলাদেশের গেীরবগাথা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিবে বিজয়ীরা।
ইত্তেফাক/এসএইচ
