পাকিস্তানের সংসদে হাতাহাতি, আহত নারী এমপি

আপডেট : ১৬ জুন ২০২১, ১৫:৩২

বাজেট অধিবেশন চলার সময় পাকিস্তানের জাতীয় সংসদ পরিণত যুদ্ধক্ষেত্রে হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুন) দেশটির ২০২১-২২ অর্থ বছরের বাজেট অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের নেতা শেহবাজ শরীফ। এসময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সংসদে, শুরু হয় ধস্তাধস্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ কেউ হাতে থাকা বাজেট বই ছঁড়ে মারছেন অন্যের দিকে। এতে আহত হন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নারী আইনপ্রণেতা মালেকা বোখারি। তিনি চোখে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

হাতাহাতির এক পর্যায়ে সরকার দলীয় সংসদ সদস্য আলী নাওয়াজ খান বিরোধী দলের দিকে বাজেট বই ছুঁড়ে মারেন। উত্তেজনাকর পরিস্থিতি দমনে সংসদের স্পিকার আসাদ কায়সার তিনবার সংসদ মুলতবি করেন। কিন্তু তাতেও থামেনি হট্টগোল।

Rumpus in parliament as Pakistani lawmakers hurl budget copies at each  other - GulfToday

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী অপ্রিতীকর এই ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বিরোধী দলের একজন সংসদ সদস্য শুরুতে আপত্তিকর শব্দ ব্যবহার করেছে। যার কারণে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

এঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ। দলটির পক্ষ থেকে এক টুইট বার্তায় ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দেওয়া হয়।

ইত্তেফাক/টিআর