করোনাভাইরাস মহামারির কারণে বদলে গেছে বিশ্ব। পরিবর্তন এসেছে বিভিন্ন স্থানে। অনেক ক্ষেত্রেই সংক্রমণ এড়াতে নানাবিধ প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ বছরের হজেও এরকম এক পরিবর্তন চোখে পড়বে। হজ পালনকারীদের কাছে এ বছর পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট। বর্তমানে মক্কায় হজের প্রস্তুতি চলছে। রোবটগুলোও নিচ্ছে প্রস্তুতি।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনাভাইরাসের সময় তা আরও বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এটি (রোবট) দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করছে। সুদেইস এসব কথা বলেন।

হজের সময় করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ছোট সাদা-কালো রোবট নিয়ে আসার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ৩টি করে তাক চোখে পড়বে রোবটগুলোতে। ওই তাকগুলোতে জমজম পানির বোতল থাকবে। রোববার এভাবে জমজম পানি নিয়ে রোবটগুলো ঘুরেও বেড়িয়েছে। ঘটনায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমরা কিছুটা বিস্মিত হয়েছেন, আবার মজাও পেয়েছেন, রোবটের কাছ থেকে জমজমের পানিও সংগ্রহ করেছেন তারা।

এ প্রসঙ্গে বাদের আল-লোকমানি বলেন, ‘রোবটগুলোর মূল লক্ষ্য হলো কোনো ধরনের মানব স্পর্শ ছাড়াই ব্যক্তিগত সেবা দেওয়া।’ লোকমানি জমজম কূপের পানি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তিনি জানান, ‘বর্তমানে প্রায় ২০টি রোবট দর্শনার্থী এবং হজ পালনকারীদের সেবা দিচ্ছে।’ প্রয়োজনে আরও রোবট নিয়ে আসা হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রায় সাত মাস ওমরাহ হজ স্থগিত রাখার পর সৌদি আরব গত বছরের অক্টোবর থেকে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা শুরু করে।
ইত্তেফাক/এনএ
