১/১১ সরকার আমার সঙ্গে বৈরী আচরণ করেছে: ড. খন্দকার মোশাররফ হোসেন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৮:২০

১/১১ সময় আমার সঙ্গে বৈরী আচরণ করা হয়েছে। আমার হাতে গড়া তিতাসকে হোমনার সঙ্গে একত্রিভূত করে নতুন আসন বিন্যাস করা হয়। যার ফলে তিতাসের জনগণ থেকে আমি পৃথক হয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি আবার তিতাসবাসীর কাছে ফিরে এসেছি। 

উপজেলার গাজীপুরস্থ নিজ বাসভবনের নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি দেখতে এসে শনিবার বিকাল ৪টায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় তিনি আরো বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে কুমিল্লা-২ আসনে আমি প্রার্থী হয়েছি। আজ আমি ভোট চাইতে আসিনি। এটা কোনো নির্বাচনী সফর নয়, মনোনয়ন দাখিলের পর ভোট চাইতে আসবো। আমি বাড়িটি দেখতে এসেছি। আমার আগমনের কথা শুনে আপনারা আমাকে দেখতে এসেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ।

তিনি ১/১১ সমালোচনা করে আরো বলেন, আমার ইচ্ছা ছিল দাউদকান্দি-তিতাস একটি আসন হবে। কিন্তু সেদিন ১/১১ সরকারের বৈরী আচরণের শিকার হয়েছিলাম। যার ফলে ২০০৮ সালের নির্বাচনের আগে তিতাসবাসীকে এম. কে. আনোয়ারের হাতে তুলে দিয়েছিলাম। আজ আবার আমি আপনাদের কাছে ফিরে এসেছি। আশা করি আপনাদের প্রাণের দাবি উপজেলা প্রতিষ্ঠা যেমন সফল করেছি, তেমনি আপনাদের সেবাও করতে পারবো। 

এ সময় কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, এমদাদ হোসেন আখন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ড. খন্দকার মোশাররফ হোসেন তিতাসের নিজ বাসভবনে আসছেন এমন খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসেন। তবে যাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়া ও নাশকতা মামলা আছে তাদের কাউকে দেখা যায়নি। 

ইত্তেফাক/নূহু