তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রার্থীদের নদী রক্ষার অঙ্গীকার দেশের জন্য মঙ্গলকর।
আজ শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নদী রক্ষা জোট’ আয়োজিত মানববন্ধনে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কাছে নদী রক্ষার প্রতিশ্রুতি চাই’ শীর্ষক দাবির সঙ্গে সংহতি ব্যক্ত করে দেয়া বার্তায় তিনি একথা বলেন।
মানববন্ধনে নদী রক্ষা জোটের সদস্য সচিব ও নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর বাংলাদেশে’র সভাপতি সুমন শামস বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদী আজ ভালো নেই। দখল-দূষণ থেকে আমাদের নদী বাঁচাতে না পারলে এ দেশ মরুমাতৃক হয়ে যাবে। তাই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে নদী রক্ষার প্রতিশ্রুত চাই।পর্যায়ক্রমে সারা দেশের ভোটারদের কাছে আমরা এই আহবান ছড়িয়ে দিচ্ছি।
আরো পড়ুনঃ লেভেল প্লেয়িং নিশ্চিত করবে ইসি: ওবায়দুল কাদের
নদী রক্ষা জোটের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, তরুণ-তরুণী বন্ধুরা আজ নদী রক্ষার জন্য জোট বেঁধেছে, আশার আলো দেখতে পাচ্ছি। আশা করি আমাদের সরকার এই নবীনদের কথা শুনবেন, ভাববেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জোটের সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, আমিনুল হক চৌধুরী, আর আই শেখর, স্বজন সাহা প্রমুখ। বাসস
ইত্তেফাক/কেকে
