চট্টগ্রামে বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকাল সাড়ে তিনটায় নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ৮ থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া ইত্তেফাককে জানান। তবে সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ফেরদৌস ইত্তেফাককে বলেন, ইউটার্ন নিতে থাকা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় দু’টি বাসেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মিনিবাসটি দুমড়ে মুচড়ে গেছে। আহতদের বের করার জন্য মিনিবাসটিকে কাটতে হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে মইজ্জারটেকের ফসিল ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে। ফিলিং স্টেশন থেকে সিএনজি গ্যাস নিয়ে একটি অটোরিকশা মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে ইউটার্ন নিচ্ছিল। তখন চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিআরটিসির একটি বাস সেখানে এসে পড়ে। অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর প্রান্তে চলে যায়। এসময় পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে আসতে থাকা নিউ কর্ণফুলি এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ইত্তেফাক/এসজেড
