ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আবু ত্ব-হাকে

আপডেট : ১৮ জুন ২০২১, ১৭:৫৩

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে উদ্ধারের পর কোতোয়ালী থানা থেকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুন) দুপুরে তিনি রংপুরের শ্বশুরবাড়িতে উপস্থিত হন। পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর নগরীর কোতোয়ালী থানায় নেওয়া হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ডিবি কার্যালয়ে আবু ত্ব-হাকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। 

তিনি জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে নিখোঁজ হওয়া অন্য তিনজনকেও নিজ নিজ বাড়ি থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি নগরীর মাস্টারপাড়ায় আবু ত্ব-হাকে দেখেন। কিন্তু ত্ব-হা সেসময় কোনো কথা বলেননি। মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেন তিনি।

তবে এতোদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে অভিযোগ ছিল।

আবু ত্ব-হার সঙ্গে আরও যারা নিখোঁজ হয়েছিলেন তারা হলেন-আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। আদনানের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, আদনানের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে তারা থাকতেন।

ইত্তেফাক/এমএএম