জার্মানদের সঙ্গে এবার পারবেন তো রোনালদো?

আপডেট : ১৯ জুন ২০২১, ১৭:৩৭

গেল একযুগে রীতিমতো গোলমেশিনে পরিণত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই নিজের উইঙ্গার তকমা ফেলে বনে গেছেন স্ট্রাইকার। এরপর থেকেই সমানতালে গোল করে গেছেন। এখনও বজায় রেখেছেন নিজের ধারাবাহিকতা। 

তবে ২টা দলের কাছে বলা চলে একপ্রকার অসহায় তিনি। দুই ইউরোপিয়ান দেশ ফ্রান্স ও জার্মানি তার জন্য একেবারে অপয়া প্রতিপক্ষ। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৬টি ম্যাচ খেলেও কোন গোল আদায় করতে পারেননি তিনি। 

৪বারের বিশ্বকাপজয়ী জার্মানির বিপক্ষেও খেলেছেন ৪টি ম্যাচ। এই দলটির বিপক্ষেও একবারের জন্যও জাল খুঁজে পাননি তিনি। 

আজ রাতে ইউরোতে হাইভোল্টেজ ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি লড়াইয়ে নামছে ইউরোপের দুই পরাশক্তি।

ডেথ গ্রুপ উতরে পরের রাউন্ডে যাওয়ার চ্যালেঞ্জ তো আছেই। এই ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য প্রতিশোধেরও। জার্মানির বিপক্ষে তার খেলা ৪ ম্যাচের সবকটিতেই হেরেছে তার দল। ২০১৪ বিশ্বকাপে জার্মানদের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল পর্তুগিজদেরকে। 

জার্মানির বিপক্ষে ৪টি ম্যাচের সবকটিতে তিনি খেলেছেন পুরো ৯০ মিনিট করে। সবমিলিয়ে নিয়েছেন ২৩টি শট। তবে একটাবারের জন্য জার্মান গোলদুর্গ ভাঙতে পারেননি সিআরসেভেন। 

বিষয়টি নিয়ে শঙ্কিত সাবেকরাও। পর্তুগালের সাবেক তারকা ফুটবলার নুনো গোমেজ উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছেন, এই ম্যাচে তাকে গোল করতেই হবে। তবে তার জন্য কোনকিছুই অসম্ভব নয়। আমরা তার কাছে প্রত্যাশা করতে পারি সে তার সর্বোচ্চটা দিবে। সঠিক সময়ে সঠিক জায়গায় সে থাকতে পারে, যেটা একজন স্ট্রাইকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।  

যাই হোক, এবার বেশ আত্মবিশ্বাসী পর্তুগাল। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন তারা। সঙ্গে ফিফা র‌্যাংকিংয়েও জার্মানির (১৩তম) চেয়ে বেশ এগিয়ে পর্তুগাল (৫ম)। এসব তথ্যে নিশ্চয়ই উজ্জীবিত হবেন রোনালদো-ব্রুনোরা।  

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর এই ম্যাচটা জার্মানির জন্য প্রত্যাবর্তনের। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদেরকে। 

২৫ বছর আগে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল জার্মানরা। এরপর ২০০৮ সালে একবারই ফাইনাল খেলতে পেরেছিল তারা। এবার আবারো ট্রফির খোঁজে তারা। 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

* দু’দলের সবশেষ ৪ দেখায় সব ম্যাচই জিতেছে জার্মানি। 

* ইউরোতে নিজেদের সবশেষ ২৩ ম্যাচের ২২টিতে অপরাজিত পর্তুগাল। 

* নিজেদের সবশেষ ৬ ম্যাচের মধ্যে ৩টিতে গোল করেছে দু’দলই। 

সম্ভাব্য একাদশ 

পর্তুগাল: প্যাট্রিসিও, সেমেদো, পেপে, ডায়াজ, গুরেইরো, দানিলো, কারভালহো, বার্নার্দো, ফার্নান্দেজ, হোতা, রোনালদো।

জার্মানি: নয়্যার, গিন্টার, হামেলস, রুডিগার, কিমিচ, গুন্ডোগান, ক্রুস, গোজেনস, সানে, মুলার, গ্যানাব্রি।

 

ইত্তেফাক/এএএন