ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটা মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। আপাতত ম্যাচটি পিছিয়ে দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার ম্যাচটির কথা উল্লেখ করে সিসিডিএম বরাবর পাঠানো চিঠিতে রূপগঞ্জ জানায়, ম্যাচটি যেন মিরপুরে স্টেডিয়ামে আয়োজন করা হয়। একইসঙ্গে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ও ডিআরএস সহ থার্ড আম্পায়ার রাখার দাবি জানায় তারা।

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী রূপগঞ্জ বনাম ডিওএইচএসের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা বিকেএসপিতে। ধারণা করা হচ্ছে, ইচ্ছেকৃতভাবে ম্যাচ হারিয়ে দেয়ার ভয় থেকে এমন দাবি জানায় ক্লাব কর্তৃপক্ষ।

তাদের দাবি আমলে নিয়েছে বিসিবি। এ বিষয়ে সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানান, রূপগঞ্জের পক্ষ থেকে আমরা চিঠি পেয়েছি। এ বিষয়ে বিসিবি সভাপতির সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন, তারা যেহেতু অনুরোধ করেছে আমরা বিবেচনা করবো। আমরা গ্রাউন্ডস কমিটির সঙ্গে কথা বলবো। যখনই আমরা গ্যাপ ডে পাবো তখনই খেলাটা মিরপুরে দিয়ে দিবো। যেহেতু মিরপুরের ম্যাচগুলো টি স্পোর্টস লাইভ করছে, সে ম্যাচটিও লাইভ করা হবে।
তিনি আরো বলেন, মাঠ এবং আম্পায়ার থাকবে। তবে রিভিউ সিস্টেম অ্যারেঞ্জ করা জটিল বিষয়। তাই সেটি রাখা সম্ভব হবেনা।
ইত্তেফাক/এএএন
