মহেশপুরে অশ্লীল ভিডিও ধারণ করে দিনের পর দিন মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করলেন মা। গতকাল শনিবার মহেশপুর প্রেসক্লাবে তিনি এ বিচার দাবি করেন।
মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের ঐ মেয়ের মা সংবাদ সম্মেলনে বলেন, একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল তার মেয়ের গোসল করা গোপনে ভিডিও ধারণ করে সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন তাকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছে। বিয়ের প্রলোভন দেখালেও এখন শহিদুল তাকে নানা ধরনের হুমকি দিচ্ছে। বিষয়টি তার পিতা-মাতাসহ নিকট আত্মীয়কে জানালেও তারা আমাদেরকে হুমকি দিচ্ছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে থানাসহ বিভিন্ন লোকের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তাদের বিচার করেনি। তিনি বলেন, মেয়েকে নিয়ে এখন তিনি নিরুপায়। আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। শহিদুল এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকে। যে কারণে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার মহেশপুর থানায় এ বিষয়ে অভিযোগ দিতে গেলে কর্তৃপক্ষ আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
ইত্তেফাক/কেকে
