করোনাভাইরাস মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামীকাল সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসব ইউপির মধ্যে মাত্র ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। আর ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে প্রথম ধাপের নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
প্রথমে ইসি ৩৬৭টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে।
ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানিয়েছেন, ১৩টি জেলার ৪১টি উপজেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮৫৯ জন, সংরক্ষিত আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ১৫৪ জন, সাধারণ আসনের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয় হাজার ৯৬০ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ২৮ জন।
ইসি সূত্র জানায়, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি। এই নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন।
নির্বাচনে মোবাইল পুলিশ ২০৪ জন, স্ট্রাইকিং পুলিশ ৭৪ জন, র্যাবের টিম ১২৪টি, বিজেপি ১২৩ প্লাটুনসহ মোট ৫০৮৮ ফোর্স মোতায়েন থাকবে। অন্যদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩৯৩ জন এবং ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১২ হাজার ২০৭ জন। আর পোলিং অফিসারের সংখ্যা ২০ হাজার ৫২০ জন।
ইত্তেফাক/এনএ
