‘সরকারকে বেকায়দায় ফেলতেই গুমের নাটক করেছিলেন ত্ব-হা’

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৪৩

ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পারিবারিক সমস্যাকে পুঁজি করে সরকারকে বেকায়দায় ফেলতেই গুমের নাটক সাজানো হয়েছিল। তবে তার আইনজীবী বলেছেন, মায়ের সঙ্গে দুই স্ত্রীর বিরোধের জেরেই মসজিদে ইতেকাফে ছিলেন তিনি। 

আদালতে দেয়া ত্ব-হার জবানবন্দি সম্পর্কে রবিবার (২০ জুন) তার আইনজীবী সোলায়মান আহমেদ সিদ্দিক এ নতুন তথ্য উপস্থাপন করেছেন। জবানবন্দি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মায়ের সঙ্গে দুই স্ত্রীর বিরোধের কারণে গাইবান্ধার ত্রিমোহনীতে একটি মসজিদে ইতেকাফে বসেছিলেন ত্ব-হা। ভাড়া করা গাড়িরচালক ও অপর দুই সঙ্গী খাদেম হিসেবে ছিলেন তার সঙ্গে।

অথচ ত্ব-হার বন্ধু সিয়ামের মা বলেছেন, শুক্রবার পর্যন্ত তারা চারজন পুরোপুরি আত্মগোপন করেছিলেন তার বাড়িতেই। এসময় বাড়ি থেকে বের হননি এবং স্থানীয়দের কেউই তাদের দেখেননি। 

এদিকে নিজের বাড়িতে ত্ব-হা ও সঙ্গীরা আত্মগোপন করে থাকলেও গুমের অভিযোগে তিনদিনের মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন সিয়াম। ত্বহার বন্ধু সিয়াম আহমেদ বলেন, ত্ব-হা আমার ছোট বেলার বন্ধু। আমি তার জন্য মানববন্ধনেও গেছি। তিনটা মানববন্ধন আমি করেছি।

তবে বিশিষ্টজনদের দাবি, নিজের পারিবারিক ঘটনাকে পুঁজি করে সরকার ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বেকায়দায় ফেলতেই এটি পরিকল্পিত ষড়যন্ত্র। যারা এমন মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করছে তারা ছদ্মবেশি ভণ্ড। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

পুরো সাতদিন নিরুদ্দেশে থাকার পর দ্বিতীয়পক্ষের স্ত্রী ও মায়ের নিখোঁজের জিডির পর শুক্রবার জুমার নামাজ শেষে রংপুর নগরীর চারতলা এলাকায় প্রথম স্ত্রীর বাড়ি থেকে ত্বহাকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ত্ব-হাসহ অপর দুজনকে আদালতে তুললে একই রাতে তাদের নিজের জিম্মায় ছেড়ে দেন আদালত।

ইত্তেফাক/এসআই