ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে আবার কবে নাগাদ টিকা আসবে এখনও অনেকটাই অনিশ্চিত। করোনা মহামারিতে ভারতের অবস্থা নাজুক তাই এই অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
রবিবার (২০ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভারতের হাইকমিশনার এ অনিশ্চয়তার কথা জানান। তিনি বলেন, ভারতে করোনার অবস্থা এখনো করুণ। এ নিয়ে ঠিক কী হবে তা এখনই বলতে পারছি না।

এর আগে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কার্যালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। তাকে স্বাগত জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা-ব্যাপী বৈঠক করেন তিনি।
সেখানে সেরাম ইন্সটিটিউটের করোনার টিকার বিষয়ে জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা টিকা উৎপাদন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। যার জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।
তিনি বলেন, উপহার হিসেবে ৩৩ লাখ টিকা দেওয়া হয়েছে। আশা করি টিকা উৎপাদন বাড়লে এটা চলমান থাকবে। কিন্তু ভারতে করোনায় অবস্থা এখনো করুণ। সুতরাং, পরবর্তীসময়ে এ নিয়ে ঠিক কী হবে তা এখনই বলতে পারছি না।
বৈঠকের বিষয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ এক অদ্বিতীয় স্থান দখল করে আছে। যুবলীগের প্রতিষ্ঠাতা নিজেও একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের নায়ক।

তিনি আরও বলেন, আমাদের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। যার উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ভারতের যুবকদের মধ্যে সম্পর্ক বাড়ানো। যুবলীগের সাহায্যে তরুণদের দোরগোড়ায় পৌঁছানো এবং ভারত ও বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ, ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়ানো।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু এবং সুসময়েরও সঙ্গী। সংস্কৃতি ও শিক্ষার বিনিময়ের মাধ্যমে দুই দেশের যুব সমাজের মধ্যে যোগাযোগ বাড়ানো যাতে ভবিষ্যতে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে পারি। বিষয়গুলো আজ ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন করোনার নিয়ে স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয়েছে। তারা তাদের দেশের বাস্তবতার কথা বলেছেন। আমরাও আশা করছি কীভাবে টিকা পেতে পারি। আর টিকা উৎপাদনে ক্ষেত্রেও কীভাবে আমরা সামনে কাজ করতে পারি। আমাদের শিল্পউদ্যোক্তরা যেন কাজ করতে পারে সে ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), মামুনুর রশীদ, খালেক শওকত আলী, রফিকুল ইসলাম এনামুল হক খান, সুব্রত পাল, শেখ ফজলে নাঈম, কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
ইত্তেফাক/এএইচপি
