প্রথমবার একই নাটকে দেখা মিলবে এ প্রজন্মের তিন তরুণ অভিনয়শিল্পী আবু হুরায়রা তানভীর, দোলন দে এবং আফফান মিতুল। নাটকের নাম ‘মোহ’। আফফান মিতুলের গল্পে নাটকটি নির্মাণ করেছেন রানা ইব্রাহীম। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মিত হয়েছে ‘মোহ’।
‘জান্নাত ভালোবাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিতুলকে। এদিকে মিতুলের সঙ্গে পরিচয়ের আগেও জান্নাত ভালোবাসতো শিশিরকে। তাহলে কি শিশিরের প্রতি জান্নাতের শুধুই মোহ ছিলো যেটাকে শিশির ভালোবাসার নাম দিয়েছে নাকি মিতুলের প্রতি শুধুই জান্নাতের মোহ কাজ করে যেটাকে সে ভালোবাসা ভাবছে। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ-জান্নাতের এই দ্বিধাদ্বন্দের গল্পে এগোবে নাটকটি।

এই নাটকে মূখ্য ভূমিকায় ‘মিতুল’ চরিত্রে ‘গহীন বালুচর’ খ্যাত আবু হুরায়রা তানভীর, ‘জান্নাত’ চরিত্রে দোলন দে এবং ‘শিশির’ চরিত্রে আফফান মিতুল অভিনয় করেছেন। তানভীর হোসেন প্রযোজিত এই নাটকটিতে আরো অভিনয় করেছেন তমাল মাহবুব, শিখা মৌ, শরীফ সরকার সহ আরো অনেকেই। বর্তমানে নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। খুব শিগগিরই নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
বর্তমানে আফফান মিতুল এবং আবু হুরায়রা তানভীর একাধিক চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কাকতালীয়ভাবে আফফান ও তানভীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এবং ‘গহীনে বালুচর’ অর্জন করেছে একাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ইত্তেফাক/বিএএফ
