বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ইউনিটে ‘নকল’ মাস্ক সরবরাহের মামলায় সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, গত ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোর্শেদ হোসেন খান আদালতে প্রতিবেদনটি দাখিল করলেও বিচারকের কাছে সম্প্রতি তা উপস্থাপন করা হয়েছে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, তদন্তে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অপরাধের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। গত বছর ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিষ্ট্রার শারমিনের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়। ওই মামলায় পরদিন তাকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন আদালতে হাজির করা হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, করোনাভাইরাস মহামারী দেখা দেওয়ার পর গত বছরের ২৭ জুন শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল বিএসএমএমইউকে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়। এর বিপরীতে অপরাজিতা ইন্টারন্যাশনাল প্রথম দফায় ১৩০০, পরে তিন দফায় আরও ২ হাজার ১৬০ পিস মাস্ক সরবরাহ করে।
সামগ্রিক গুণগতমানের স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি অভিযোগ করে এজাহারে বলা হয়, কোনো কোনো ফেস মাস্কের বন্ধনী ছিঁড়ে গেছে, কোনো মাস্কের ছাপানো ইংরেজিতে লেখা ছিল ত্রুটিপূর্ণ। এ ধরনের ত্রুটিতে কর্তৃপক্ষ বুঝতে পারে, মাস্ক নিম্নমানের ছিল। এর ফলে কোভিড-১৯ এর সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারত।
ইত্তেফাক/ইউবি
