বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ইউরো চ্যাম্পিয়নরা 

আপডেট : ২৩ জুন ২০২১, ১৯:১২

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ ম্যাচে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। দুই দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়। 

আগের ২ ম্যাচের ১টিতে জয় আর অন্যটিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে নকআউটে এক পা দিয়ে রেখেছে ফ্রান্স। এই গ্রুপের কোন দলই এখনো নিশ্চিত করতে পারে নি রাউন্ড অব সিক্সটিন। ফ্রান্স, পর্তুগাল, জার্মানি এমনকি হাঙ্গেরিরও আছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ।

সরাসরি নকআউট নিশ্চিত করতে ম্যাচটিতে জিততেই হবে পর্তুগালকে। আছে নানা হিসাব-নিকাশও। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লেনদেন চুকাতে হবে পর্তুগিজদেরকে। সবশেষ ১৩ ম্যাচে মাত্র ১ বার ফরাসীদেরকে হারাতে পেরেছিল ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়নরা। এবার কি তার শোধ তুলতে পারবে রোনালদো বাহিনী? 

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ নিয়ে ৫ম বারের মতো মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল। 

২ দলের কিছু তথ্য

* মুখোমুখি ২ দলের ১৩ দেখায় ১১ বারই জিতেছে ফ্রান্স। মাত্র ১ বার জিততে পেরেছে পর্তুগাল। 
* আন্তর্জাতিক আসরে গ্রুপপর্বে নিজেদের সবশেষ ১১ ম্যাচে অপরাজিত ফ্রান্স। 
* ফ্রান্সের বিপক্ষে কখনোই গোল করতে পারেন নি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
* ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম তার ক্যারিয়ারের শেষ গোলটি করেছিলেন পর্তুগালের বিপক্ষে।

টিম নিউজ

উরুর ইনজুরির কারণে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারবেন না পর্তুগালের নুনো মেন্ডেজ। তবে ফিট হয়ে উঠেছেন তরুণ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।

অন্যদিকে ফ্রান্স শিবিরেও আছে ইনজুরির খড়গ। বিগ ম্যাচের আগে দলটি হারিয়েছে তাদের বার্সা ফরোয়ার্ড ওসুমানে ডেম্বেলেকে। হাঁটুর ইনজুরির কারণে চলমান আসর থেকেই ছিটকে পড়েছেন তিনি। জার্মানির বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন বেঞ্জামিন পাভা। তবে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে খেলেছেন তিনি। এই ম্যাচেও তাকে পাওয়ার আশা করছেন কোচ দিদিয়ের দেশাম। 

যাদের ওপর নজর থাকবে

ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা যেখানে আছেন, পুরো দলের আস্থা তার উপরই থাকবে এটাই স্বাভাবিক। চলতি আসরেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। করেছেন ৩ গোল, করিয়েছেনও ১টি। তবে এ ম্যাচে হয়তো ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকেও ভালো পারফরম্যান্স আশা করবেন কোচ। কারণ চলমান আসরে যে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন নি তিনি!

ফ্রান্স দল তারকায় ঠাসা। আসরে এখন পর্যন্ত ব্যর্থ করিম বেনজেমার ওপর নজর রাখবেন কোচ। গ্রিজম্যান আছেন দুর্দান্ত ফর্মে। সঙ্গে কিলিয়ান এমবাপ্পে আছেন। আক্রমনভাগের তিন তারকা যে কোন সময় ধ্বংস করতে পারেন পর্তুগিজ রক্ষণ।

 

ইত্তেফাক/এএএন