রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রায়গঞ্জে করোনার টিকার অপেক্ষায় আছেন লক্ষাধিক মানুষ। রেজিস্ট্রেশনকৃত অপেক্ষমাণ নারী-পুরুষই আছেন প্রায় ২৫ হাজার। এছাড়াও বিপুলসংখ্যক মানুষ রয়েছেন রেজিস্ট্রেশনের অপেক্ষায়। টিকা মজুত না থাকায় রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিমুল ইহসান তৌহিদ জানান, ইতিমধ্যে দ্বিতীয় ডোজের নির্দিষ্ট তারিখ পার হয়ে গেছে প্রায় ৭ হাজার ৬০০ জনের। নতুন করে প্রথম ডোজ টিকা নিয়েছেন প্রায় সাড়ে ১৪ হাজার নারী-পুরুষ। রেজিস্ট্রেশন করা প্রথম ডোজের টিকা গ্রহিতা বাদ আছেন অন্তত ১ হাজার জন। দুটি ডোজ সম্পন্ন হয়েছে প্রায় সাড়ে ৭ হাজার জনের। বর্তমানে রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান। তিনি ইত্তেফাককে বলেন, রায়গঞ্জে সিরাম ইনস্টিটিউটের তৈরি টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ করা হয়েছে। অন্য ব্র্যান্ডের টিকা দ্বিতীয় ডোজ হিসেবে প্রয়োগ করা যাবে কি না এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি। এলাকায় টিকা গ্রহণে সক্ষম চল্লিশোর্ধ্ব মোট লোকের সংখ্যা প্রায় দেড় লাখ। তবে হতাশার কোনো কারণ নেই। খুব শিগিগরই হয়তো পর্যাপ্তসংখ্যক টিকা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
