চীনে মার্শাল আর্ট কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১৮

আপডেট : ২৫ জুন ২০২১, ২১:২০

রয়টার্স

চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি। হতাহতদের বেশির ভাগই ৭ থেকে ১৬ বছর বয়সি আবাসিক শিক্ষার্থী; তারা প্রশিক্ষণ কেন্দ্রটির দ্বিতীয় তলায় থাকত বলে বেইজিং ইয়ুথ ডেইলি এক প্রতিবেদনে জানালেও পরে তাদের ওয়েবসাইট থেকে ঐ প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এক পোস্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি ঝেনজিং মার্শাল আর্ট সেন্টার বলে জানানো হয়, তবে তাত্ক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।