বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন :তথ্যমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২১, ২২:০৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে কখনো টেকসই উন্নয়ন হয় না, পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। সেটি করতে হলে মানুষের মধ্যে মূল্যবোধ, দেশাত্ববোধ ও মমত্ববোধের সমন্বয় ঘটাতে হবে। তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র রচনা করতে চাই, যেটি বস্তুগত উন্নয়নের দিক দিয়ে উন্নত রাষ্ট্র হবে, একই সঙ্গে একটি মানবিক রাষ্ট্রও হবে। যেখানে বস্তুগত উন্নয়ন হবে কিন্তু বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে, রাস্তায় দুর্ঘটনায় মানুষ কাতরাবে, কেউ ফিরেও তাকাবে না এমন উন্নয়ন ও সমাজ আমরা চাই না।’ মন্ত্রী গতকাল দুপুরে চট্টগ্রামে রেডিসন ব্লুর মেজবান হলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কনফারেন্সের আহ্বায়ক মো. তৈয়বের সভাপতিত্বে ডিস্ট্রিক্ট-৩২৮২ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের প্রতিনিধি পিডিজি কে এম জয়নুল আবেদীন, জেলা গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ, রোটারিয়ান ফাতেমা  জেবুন্নেছা প্রমুখ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০তম বর্ষে মানব উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিকসহ সমস্ত সূচকে আমরা অনেক আগেই পাকিস্তানকে অতিক্রম করেছি। মানব উন্নয়ন ও সামাজিক সূচকে ভারতকেও অনেক আগে অতিক্রম করেছি। করোনা মহামারির মধ্যে ২০২০ সালে পৃৃথিবীর মাত্র যে ২০টি দেশে জিডিপি বেড়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। করোনা মহামারির মধ্যে আমাদের মাথাপিছু আয় ২০০ ডলার বৃদ্ধি পেয়েছে।