করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় অবশেষে ক্ষমা চাইলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এক সহযোগীকে চুমু খাওয়ার ছবি প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। খবর রয়টার্সের
ব্রিটেনের পত্রিকা দ্য সান এ একটি ছবি প্রকাশিত হয়। এতে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার অফিসের এক সহযোগীকে চুমু খাচ্ছেন। এরপর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অবশেষে গতকাল স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আমি সামাজিক দূরত্ব লঙ্ঘন করেছি। এজন্য আমি খুবই দুঃখিত। আমি করোনা মহামারি থেকে কীভাবে বের হয়ে আসা যায় সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এই বিবৃতির পর প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস এই ঘটনা নিয়ে আর অগ্রসর হতে চান না। স্বাস্থ্যমন্ত্রী ক্ষমা চাওয়ায় এই বিষয়টিকে এখানেই বন্ধ করে দিতে চান প্রধানমন্ত্রী, বলেন মুখপাত্র। প্রধানমন্ত্রী বরিস স্বাস্থ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছেন বলে মুখপাত্র জানান। ছবি প্রকাশ হওয়ার পর বিরোধী লেবার পার্টি হ্যানকককে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। বিরোধী দলের এক মুখপাত্র বলেছেন, এটা একেবারেই বন্ধ হয়ে যাবে না। আইন ভঙ্গ এবং অফিসের সহযোগীর সঙ্গে সম্পর্ক রাখায় তাকে জবাবদিহি করা উচিত।
