রাজশাহীতে ধর্ষণ ও হত্যা মামলার আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : ২৫ জুন ২০২১, ২২:০৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশু (১১) ধর্ষণ ও হত্যার আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত যুবকের নাম শামীম (২১)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির কাছ থেকে শিশুটির বাড়ি থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ ললিতনগর এলাকায় টহলে ছিল। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলিবর্ষণ করে। এতে এক জন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। নিহত শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।