ছাতকের এক তরুণের বিরুদ্ধে মন্দিরে ঢুকে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি নান্টু দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।
এদিকে ছাতকের মো. ফাহিম আহমেদ (২০) নামের এক তরুণের ফেসবুক পোস্টের একটি স্ক্রিনসট গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেলায় ভাইরাল হয়। ছবিতে দেখা যায় বন্ধুদের নিয়ে সে কোন এক মন্দিরে প্রতিমার সঙ্গে অশোভন ভঙ্গিতে পোজ দিচ্ছেন। তবে এই তরুণই লোকনাথ মন্দিরে ঘুরতে এসেছিল বলে মন্দির কর্তৃপক্ষ দাবি করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির আহমদ বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঐ তরুণকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, জড়িতদের দ্রুত আটক করার জন্য থানার ওসিকে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন ধরনের সুযোগ পাবে না।
