ইত্তেফাক রিপোর্ট
মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে শহিদ জায়া অধ্যাপক পান্না কায়সারের অবদান অপরিসীম। তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ খেলাঘরের মাধ্যমে এই স্লোগান সারা দেশের শিশু-কিশোর থেকে শুরু করে সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধে শহিদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের ৭১তম জন্মদিনে অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের ৭১তম জন্মদিন উপলক্ষ্যে এক অনলাইন আলোচনার আয়োজন করা হয়।
খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক হারাধন গাঙ্গুলী, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনী, ছড়াকার আখতার হুসেন, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সংগঠক আব্দুল আজিজ, তাহমিনা সুলতানা সাথী, অমল নাথ, সাধারণ সম্পাদক প্রণয় সাহা প্রমুখ।
অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি প্রকাশে পান্না কায়সার বলেন, খেলাঘর সকলের শক্তি। শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বিস্তৃতি আরো বেশি ঘটানো জরুরি। এজন্য পরিবার থেকে শুরু করে সমাজের সবারই করণীয় আছে।
