গত মাসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্নির্মাণে কোনো ধরনের ধীরগতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। আজ শনিবার (২৬ জুন) আল-আকসা টিভি চ্যানেলকে এ কথা বলেছেন দলটির উপনেতা খলিল আল-হাইয়া। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
খলিল আল-হাইয়া বলেন, মধ্যস্থতাকারী আমাদের জানিয়েছে যে যুদ্ধবিরতিকে মজবুত করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই সঙ্গে এটাও জানিয়ে দিতে চাই, আমরা পুনর্নির্মাণ দীর্ঘায়িত করা বা অবরোধ ভাঙার কৌশলগুলো মেনে নেবো না।

গাজায় শিল্প, কৃষি ও বাণিজ্যিক সুবিধাগুলো পুনর্নির্মাণ আবাসিক ভবন পুনর্নির্মাণের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, যোগ করেন তিনি।
এর আগে গত মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে নারী-শিশুসহ আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১৩ ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছেন।
ইত্তেফাক/টিএ
