২৫ বছর পর মুখোমুখি ইংল্যান্ড-জার্মানি

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৬

ইউরোর ফাইনালের দিন এখনো দূরে। তার আগেই অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মানি এবং ইংল্যান্ড। এই দুই দেশের ফুটবল লড়াই মহারণে পরিণত হতে যাচ্ছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। রাত ১০টায় শুরু হবে খেলা।

দুই দলের লড়াইটা বেশ পুরনো। ইউরো চ্যাম্পিয়নশিপে সবশেষ দেখা হয়েছিল ২৫ বছর আগে। সে ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন গ্যারেথ সাউথগেট। আজ তিনি ইংল্যান্ডের কোচের দায়িত্বে। লেনদেন চুকানোর দিনটা বুঝি এলো তার সামনে?

যদিও এমন কিছু স্বীকার করতে চান না তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পুরনো স্মৃতি মনে করিয়ে দিতেই এড়িয়ে সাউথগেট। বলেন, পুরনো কথা টেনে এনে লাভ কী? 

ইংলিশ শিবিরে বেশিরভাগ ফুটবলারই তরুণ। সবশেষ যেবার ইউরোতে জার্মানির মুখোমুখি হয় তারা, সেসময় হয়তো জন্মই হয়নি এখনকার অনেকের। সে প্রসঙ্গ টেনেই সাউথগেট বলেন, ‘এখানকার খেলোয়াড়রা জন্মেছে ২০০০ সালের পর। তাদের কাছে সেই সব কথা টেনে আনার মানে হয়না।’

ইউরোপের শীর্ষ দুই দলের মহারনের আগেই তীর ছোড়া শুরু হয়ে গেছে। এ যেন মাঠে নামার আগেই স্টেডিয়ামের বাইরে মারামারি। লন্ডনের ওয়েম্বলিতে জার্মানিকে অনুশীলন করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক ফুটবলে নিয়ম হচ্ছে ম্যাচের আগের দিন দুই দলই অনুশীলন করার সুযোগ পাবে। কিন্তু উয়েফা জানিয়ে দিয়েছে জার্মানি ওয়েম্বলিতে অনুশীলন করতে পারবে না। কারণ বৃষ্টি। এমন ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। আর এসব নিয়ে ম্যাচের চেয়ে ম্যাচের বাইরের আলোচনা বেশিই হচ্ছে ইউরোতে।

England vs Germany Euro 2020 Match Offers Redemption Chance | Time

উয়েফা বলছে বৃষ্টির কারণে মাচের ২৪ ঘণ্টা আগে অনুশীলন করতে দেওয়া হচ্ছে না। উয়েফা খবর নিয়েছে ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, আর সেখানে অনুশীলন করা হয়, তাহলে মাঠ নষ্ট হবে।

এই দুই দলের ফুটবল ইতিহাসে রয়েছে অনেক ঘটনা। ফুটবল মাঠের নানা ঘটনায় দুই দেশের মধ্যে মাঠের শত্রুতা শুরু। যা দেখে ফুটবল দর্শকদের চোখেও বাড়তি উত্তাপে রূপ নেয় জার্মানি-ইংল্যান্ড ম্যাচ।

যদি ধরা হয় ১৯৬৬ বিশ্বকাপ। সেখানে আরেক ইতিহাস সৃষ্টি হয়েছিল। আজকে যে ওয়েম্বলিতে খেলা হবে সেখানে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সেটাই ছিল ইংল্যান্ডের শেষ বিশ্বকাপ জয়।

এরপর ৯৬’র ইউরোর ম্যাচ। যে ম্যাচে টাইব্রেকারে হারে ইংলিশরা। ২০১০ বিশ্বকাপেও হারতে হয়েছিল ইংল্যান্ডকে। যদিও ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট বলেন, অতীতের হারের স্মৃতি মনে রাখতে চান না তারা।

সাউথগেট যে কথাই বলুন না কেন, ইংলিশরা কখনো অতীত ইতিহাস ভুলে যান না। ভেতরে ভেতরে তারা প্রতিশোধ নিতে মুখিয়ে থাকেন। তবে ইংলিশ কোচ মনে করিয়ে দিয়েছেন, তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিতে ভুল করেন না।

জার্মান কোচ জোয়াকিম লো তার শিষ্যদের রাঙিয়ে দিতে, উজ্জীবিত করতে সাফেল্যর কথাগুলো তুলে ধরেছেন। এই কোচ এবার জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন। তার আগে স্মরণীয় লড়াইটা উপহার চাইছেন নয়্যারদের কাছে।

ইত্তেফাক/জেডএইচডি