উত্তর কোরিয়ায় করোনা?

আপডেট : ৩০ জুন ২০২১, ১৩:৫৯

এক বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ড চালিয়ে আসছে করোনাভাইরাস। এখন পর্যন্ত সাড়ে ৩৯ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। আক্রান্ত হয়েছেন সোয়া ১৮ কোটি মানুষ। এতকিছুর পরও উত্তর কোরিয়ায় করোনায় মৃত্যু বা আক্রান্তের কোনো খবর প্রকাশিত হয়নি। তবে সম্প্রতি করোনা সংশ্লিষ্ট ঘটনায় কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বদলি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ ঘটনার জেরে ধারণা করা হচ্ছে এবার কিমের মারাত্মক আঘাত হেনেছে ভাইরাসটি।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চীনে করোনা ছড়ানোর পর গত বছরের জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে রেখেছে উত্তর কোরিয়া। দেশটিতে করোনার উপস্থিতি পাওয়া গেছে কি-না তা কোনোভাবেই জানা যায়নি। জনসমুক্ষেও সংক্রমণের বিষয়ে কিছু জানায়নি সরকার। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছেও কোনো তথ্য দেয়নি তারা। বরং দেশটিতে একজনও করোনায় আক্রান্ত হননি বলে এর আগে দাবি করেছেন কিম জং উন।

এ অবস্থায় সম্প্রতি দেশটিতে করোনা ইস্যুতে কয়েকজন কর্মকর্তার বদলির ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, নীতিনির্ধারণী এক বৈঠকে কিম বলেছেন, ওই কর্মকর্তারা তাদের দায়িত্বে অবহলো করেছেন। যার ফলে ‘গুরুতর’ ঘটনা ঘটেছে। তারা রাষ্ট্রের সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বিরাট সংকটের সৃষ্টি করেছেন। এর ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কিম আরও বলেছেন, ‘এসব কর্মকর্তার ‘দক্ষতার অভাব এবং কর্তব্যে অবহেলা’ গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের পধে বাধা হয়ে দাঁড়িয়েছে।’

এ ঘটনা দেশটিতে করোনা সংক্রমণের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হচ্ছে। দেশটির জীর্ণ চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা সামগ্রী সরবরাহের অভাবে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গত বছরের অক্টোবরে সামরিক প্যারেডে করোনামুক্ত থাকার কারণে দেশবাসীকে ধন্যবাদ জানালেও বিশ্লেষকরা এতে সন্দেহ প্রকাশ করেছেন।

ইত্তেফাক/টিআর